বইয়ে ইসলামবিরোধী কিছু নেই, তারপরও কথা শুনি: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাবর্ষের (২০২৩) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ নামে বই দুটি পাঠদান থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে পাঠ্যবই দুটিতে ইসলামবিরোধী কিছু নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছেন, এটা না থাকলে ভালো হতো বা এটা অনেক বেশি লিখেছে। তাই আমরা নতুন বই আবার প্রণয়ন করে দেবো।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচরে নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি এসময় আরও বলেন, ‘ধর্ম একটা পবিত্র জিনিস। এটা নিয়ে কি মিথ্যা কথা চলে? যারা এই মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কী আছে, নিজেরা পড়ে দেখবেন, তারা কি বলে—সেটা বিশ্বাস করবেন না।’

বই প্রত্যাহারের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন দুটি বই প্রণয়ন করে দেবো। এখন থেকে ওই বই দুটি পড়ানো বন্ধ থাকবে। ওই বিষয়ের (ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) দুইটা করে বই। একটা করে পড়ানো বন্ধ থাকবে। ওটা পড়ার দরকার নাই। বইয়ে ইসলামবিরোধী কিছুই নাই, তারপরও আমরা মানুষের কথা শুনি।’

নৌকার যারা কর্মী তারা কখনও ইসলামবিরোধী কোনও কাজ করতে পারে না বলেও মন্তব্য করেন ডা. দীপু মনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহসহ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতারা।

আরও পড়ুন:

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার