দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের সাত নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন। আদালত রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান, ২০২০ সালের ২ ডিসেম্বর টেকনাফের নাফ নদের মোহনা থেকে কোস্ট গার্ডের একটি টহল টিম দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের সাত নাগরিককে গ্রেফতার করে। এসব ইয়াবা মিয়ানমার থেকে সাগরপথে ট্রলারে করে বাংলাদেশে পাচার করছিল। পরে কোস্ট গার্ড টেকনাফ থানায় তাদের সোপর্দ করে একটি মামলা করে।
তিনি আরও জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে টেকনাফ থানা পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত আজ রবিবার এই রায় ঘোষণা করেন।