বান্দরবানের কালাঘাটার ফানছিঘোনায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রবিবার (১২ফেব্রুয়ারী) বিকালে কালাঘাটার ফানছিঘোনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমেনা বেগম (৩৩) ও তার চার বছরের প্রতিবন্ধী মেয়ে। তারা ফানছি ঘোনার একটি ভাড়া বাসায় থাকতেন। আমেনা বেগম স্থানীয় একটি মাদ্রাসায় রাঁধুনির কাজ করতেন।
স্থানীয়রা জানান, বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড কালাঘাটার ফানছিঘোনাতে একটি ট্রাক পার্কিং করার জন্য পেছনের দিকে যায়। এ সময় পেছনে থাকা মা ও মেয়েকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বামীকে খবর দেওয়া হয়েছে। তিনি আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।