বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা, ৩৪ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চাঞ্চল্যকর ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার ৩৪ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ সদস্য এবং চিকিৎসকও রয়েছেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল রবিবার। এদিন কোনও সাক্ষী আদালতে উপস্থিত হননি। এ জন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সাক্ষীদের আদালতে হাজির করার জন্য চট্টগ্রামের পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। 

তিনি আরও বলেন, এই মামলায় ৫৭ জন সাক্ষী রয়েছেন। এর মধ্যে বাদীসহ ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। 

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১২ সালের ১৯ এপ্রিল ৩৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়, সম্পত্তি দখল করতে গিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা।