চট্টগ্রামের পটিয়ায় বাবার রেখে যাওয়া সম্পত্তির জন্য মাকে হত্যার ঘটনায় জড়িত সেই মাঈনুল ইসলাম ওরফে মাঈনুরের (২৯) বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। তাকে গ্রেফতারের প্রায় ছয় মাস পর পটিয়া থানায় পুলিশ বাদী হয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) এ মামলা করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, সম্পত্তি পাওয়ার জন্য ২০২২ সালের ১৬ আগস্ট পটিয়া পৌর সদরে নিজ বাড়িতে মাঈনুরের গুলিতে নিহত হন প্রয়াত জাতীয় পার্টি নেতা সামশুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৬০)। ঘটনার দিন পুলিশ পটিয়া বাসস্টেশন এলাকায় তার অফিসে তল্লাশি চালিয়ে পিস্তল উদ্ধার করে। অফিসটিতে মঈনুর নিয়মিত বসতেন। অস্ত্রটি সচল নয় বলে দাবি করায় পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। দীর্ঘ ছয় মাস পর সিআইডির পাঠানো প্রতিবেদনে অস্ত্রটি সচল বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন হাতে পেয়ে শনিবার পটিয়া থানার এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে মাঈনুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।
ওসি আরও জানান, এর আগে নিহতের বড় মেয়ে শায়লা শারমিন নিপা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর মাঈনুর আত্মগোপন করেন। ১৭ আগস্ট রাতে বাসে করে ঢাকায় পালানোর সময় শাহ আমানত সেতু এলাকা থেকে র্যাবের একটি টিম তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।