বাড়িতে ছিল না কেউ, আগুনে প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে আগুনে দগ্ধ হয়ে আবু তাহের (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় আগুন লাগে।

চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, আগুন লাগার সময় তাহেরের স্ত্রী এবং ছেলেমেয়েরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাহের প্যারালাইসিস রোগী ছিলেন। আগুন লাগায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে আসে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি পুড়ে যায়। ওই বৃদ্ধ দগ্ধ হয়ে ঘরেই মারা যান।

ইউপি সদস্য জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেন।