বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে ভুটান পাশে আছে: রাষ্ট্রদূত রিনচেন

ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল বলেছেন, ‘ভুটান সরকার বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ শনিবার (১৮ ফেব্রুয়ারি) তাকে দেওয়া এক আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

ভুটানে বাংলাদেশি ব্যবসায়ী অলি আহমেদের আমন্ত্রণে শনিবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামোড়া গ্রাম সফর করেন রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয়ের আগেই ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আমরা চাই ভুটানের সাথে আমাদের সম্পর্ক সবসময়ই মজবুত থাকুক।

সমাবেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন। ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

বাংলাদেশের নাগরিক হিসেবে এম অলি আহমেদ ভুটানে জনপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, এম অলি আহমেদ সততা ও নিষ্ঠার সাথে ভুটানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। এম অলি আহমেদের মতো সততা ও নিষ্ঠার সাথে যে কেউ ভুটানে কাজ করতে পারবেন বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ভুটানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, রয়েল ভুটান অ্যাম্বাসির কনস্যুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজ্জামেল হোসেন রেজা প্রমুখ।received_2003862206483702

সংবর্ধনা সভা শেষে রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল দুপুরে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন। এরপর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ভুটানের রাষ্ট্রদূতকে নিয়ে সীমান্তবর্তী সেজামোড়ায় বিজিবি ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন মুক্তিযুদ্ধ মনুমেন্ট পরিদর্শন করেন।