আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের করে দুই গ্রুপের সংঘর্ষে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ সময় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাটের রাহুল ঘাটে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, মেঘনা নদীর তীরে থেকে জেগে ওঠা খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজালাল রাহুল ও আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। এটিকে কেন্দ্র করে সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক কিশোর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত রাসেল (১৪) স্থানীয় ইউপি সদস্য নজরুলের ভাতিজা হয় এবং একই এলাকার চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মো. আনোয়ার হোসেন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

রায়পুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।