কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ছয় রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (সিনিয়র সহকারী পরিচালক) আবু সালাম চৌধুরী।
তারা হলেন- মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫) ও মো. মীর কাশিম (২২)। তারা উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার গভীর রাতে উখিয়ার পালংখালী ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবুল ফয়েজের দোকানের সামনে রোহিঙ্গা সন্ত্রাসীদের অবস্থানের খবর পাওয়া যায়। পরে র্যাব ও ৮-এপিবিএন ক্যাম্পে যৌথ অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে ছয় রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তারা জিজ্ঞাসাবাদে জানায়, অস্ত্র ও গুলির ভয় দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ছয় রোহিঙ্গা সন্ত্রাসীকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।