চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বিমানবন্দর সড়কে ট্রেনের চলন্ত ইঞ্জিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাতে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসআই আবু জাফর খান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় দুর্ঘটনাকবলিত বাসের চালককে আসামি করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সোমবার (০৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে ট্রেনের চলন্ত ইঞ্জিনে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে রেলওয়ের কর্মীসহ তিন জন নিহত হন। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
নিহতরা হলেন- রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের নির্দেশে মঙ্গলবার (৭ মার্চ) সকালে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।