চট্টগ্রামে যাত্রীবাহী বাসচাপায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টায় বায়েজিদ বোস্তামী থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি হাটহাজারী উপজেলার চিপাতলী ইউনিয়নের কাজীর খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত। তিনি নগরীর অক্সিজেন চক্রসো আবাসিক এলাকার সরোয়ার কামালের স্ত্রী।
এ ঘটনায় রাজিব (২৬) নামে এক বাসচালককে আটক করা হয়েছে। আটক রাজিব নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, মেয়েকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পৌঁছে দিয়ে সড়ক পার হওয়ার সময় হাটহাজারী টু নিউমার্কেটগামী বাস তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে বাস চালককে।