চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান (১৮) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নিলয় দত্তকে (২২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৫ এপ্রিল) নগরীর কোতোয়ালি থানাধীন হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিলয় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিশ্বনাথ দত্তের ছেলে। তারা নগরীতে বসবাস করেন।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘নিলয় হত্যার দায় স্বীকার করে আদালতে ১৪৬ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইভান হত্যা মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’
গত বছরের ২২ এপ্রিল রাত ১০টায় নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন আসকার বিন তারেক ইভান। তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
ইভান কোতোয়ালি থানার এনায়েতবাজার এলাকার এসএম তারেকের ছেলে। এ ঘটনায় শোভন দেব, ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরীসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।