বান্দরবান জেলা আওয়ামীলীগ সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বান্দরবান সদর পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর আবুল খায়ের আবু ও আবুল কালাম, লামা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার জোসনা বেগম, কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন, মো. আবু ছালাম, জাকির হোসেন, মো. ইউসুফ আলী। কাউন্সিলররা গত পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর হিসাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।
জানা গেছে, আগামি ২৪ ফেব্রুয়ারী স্থানীয় রাজার মাঠে পৌর আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে ওই কাউন্সিলে জেলার দুই পৌরসভার বিএনপি সমর্থিত কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেবেন। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের সিনিয়র নেতাসহ ৫শ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করবেন।
জেলার লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির কাউন্সিলররা আওয়ামী লীগে যোগ দিতে নিজেরাই আগ্রহ প্রকাশ করেন, তাই অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে গ্রহণ করা হবে।
এই ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমার জানা নেই, বান্দরবান বিএনপি এখন অনেক গুছানো, কেউ চলে গেলে বিএনপি ক্ষতিগ্রস্থ হবেনা।
/এইচকে/