মাদক সেবন করে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গেলেন বাবুর্চি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে সোহেল মিয়া (৪২) নামে এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরের মধ্যপাড়া (মুসলিম মিয়ার) বাড়ির পাশে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সোহেল জেলা শহরের মেড্ডা এলাকার মহরম আলীর ছেলে। তিনি মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় বাবুর্চি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাসেল পেশায় একজন বাবুর্চি ছিলেন। তিনি প্রায়শই মাদক সেবন করতেন। আজ দুপুরে মাদক সেবন করে পুকুরে গোসল করতে যায়। গোসলের কোনও এক সময় পুকুরে অথৈ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে পুকুরের পানিতে তাকে অনেক খোঁজাখুঁজি করেন।

তিনি আরও জানান, পরে তাকে না পেয়ে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।