নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের সড়কের পাশ থেকে শাহাদাত হোসেন (২৭) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত চোর এবং তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন ঘটনায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামের তিন রাস্তার মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাত হোসেন জয়াগ ৫নং ওয়ার্ড জমাদার বাড়ির আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন মাহুতলা তিন রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের একটি বসতভিটির ওপর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তার মাথায় গভীর আঘাতের চিহ্নসহ শরীরের বেশিরভাগ অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, এলাকায় চুরি সঙ্গে জড়িত ছিল শাহাদাত। রাতে কোথাও চুরি করতে গিয়ে গণপিটুনি শিকার হয়ে বা কেউ তাকে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে গেছে। তবে এলাকাবাসী তার চুরি কারণে অতিষ্ঠ ছিল বলে জানা যায়।
সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক জিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার মাথাসহ কয়েকটি স্থানে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে এটি হত্যা বলে মনে হচ্ছে। শাহাদাতের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় তিনটি মামলা রয়েছে।