রাঙামাটির পুলিশ সুপার সাইফ তারিকুল হাসান জানান, কনস্টেবল স্বরূপ তার সহকর্মী পূর্ণ বড়ুয়ার অস্ত্র নিয়ে নাড়াচাড়াকালে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। এতে পূর্ণ বড়ুয়া (কনস্টেবল নং-৩৪৯৫) গুলিবিদ্ধ হন। পূর্ণকে তাৎক্ষণিক রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত পূর্ণ রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামের শেখর বড়ুয়ার ছেলে। অন্যদিকে স্বরূপ বড়ুয়ার বাড়িও রাউজান উপজেলায়। তারা দুজনেই একই তারিখে পুলিশ বিভাগে চাকরি নেন বলে জানিয়েছেন সহকর্মীরা।
এদিকে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন স্বরূপ বড়ুয়াও। তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।
রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান জানিয়েছেন, কোমরের কাছে কিডনির পাশে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পূর্ণ মারা যান।
/এসএম/