চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মো. সাখাওয়াত হোসেন (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিন (র্যাব-৭)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনার দুর্গাপুর উপলেজার সীমান্তবর্তী এলাকা কালিকাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য জানান।
সাখাওয়াত ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মুচডেঙ্গা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে মরদেহ বাসায় রেখে রুমে তালা দিয়ে পালিয়ে যায়।
মো. নূরুল আবছার বলেন, ‘গত ২৫ এপ্রিল সন্ধ্যায় নগরীর বন্দর থানার কলসীদীঘি সড়কের হাজি মাহমুদ মিয়া কলোনির একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে চাদরে মোড়ানো অবস্থায় রিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাখাওয়াত পলাতক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয় রিনাকে হত্যার পর সে পালিয়েছে।’
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাখাওয়াতকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা জানান, রিনা নগরীর কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিল। গত পাঁচ-ছয় মাস আগে তাদের বিয়ে হয়। কিছুদিন আগে তারা সাখাওয়াতের গ্রামের বাড়ি বেড়াতে যায়। ২৪ এপ্রিল রাতে ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসে। ওইদিন বেলা আড়াইটার দিকে সাখাওয়াত ফোন করে রিনার পরিবারের এক সদস্যকে জানায়, রিনা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ওই দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে রিনার ফোনে কথা হয়। এজন্য তারা বিষয়টিকে ঠাট্টা মনে করে এড়িয়ে যায়। ২৫ এপ্রিল রিনার পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পায়। পরে বাসার মালিকের কাছে ফোন করে রিনার খবর নিতে চায়। মালিক বাসা তালাবদ্ধ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।