ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য আহতের ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। প্রত্যেকের নামেই মাদক মামলা রয়েছে। তবে মূল আসামি সাহলকে এখনও গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় ৫৪ জনকে আসামি করে মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।
এর আগে শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে শিবনগর এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে সাহল নামে এক মাদক ব্যবসায়ী কনস্টেবল খায়রুল ইসলামের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।