কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে মাহিন মিয়া (২০) নামে এক তরুণকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে প্রেমিকার বাবা ও চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ মে) দুপুরের দিকে তার মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর কথা শুনে তার বাবা হিরন মিয়াও (৫০) মারা যান। এ ঘটনায় প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, মামলার চার ঘণ্টার মধ্যে রবিবার রাতে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে প্রধান আসামি মধ্যম মাঝিগাছা ফুল মিয়ার বাড়ির মৃত রঞ্জু মিয়ার ছেলে রওশন মিয়া ওরফে মুজা মিয়া (৪০) ও তার ভাই জাহাঙ্গীর মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
জানা গেছে, রোশন মিয়ার মেয়ের সঙ্গে চা দোকানদার হিরন মিয়ার ছেলে মাহিনের প্রায় এক বছর ধরে প্রেম চলছে। কিন্তু মেয়ে পক্ষ সম্পর্ক না মেনে নিয়ে ছেলে পক্ষকে হুমকি দিতে থাকে। গত বৃহস্পতিবার (৪ মে) রাতে রোশন ও জাহাঙ্গীর ওই ছেলেকে ডেকে এনে বেধড়ক মারধর করে। এ সময় তার মাথায় ও বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। পরদিন হাসপাতাল থেকে চিকিৎসা ও ছাড়পত্র দিলে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসেন। গতকাল হঠাৎ অসুস্থ বোধ করলে আবারও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছেলের মৃত্যুতে বাবা হিরন মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকেও একই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা জানাজানি হলে মেয়ের বাবা-চাচা ও পরিবারের লোকজন ঘরে তালা মেরে আত্মগোপনে চলে যান। এদিকে মাহিনের মা রোজিনা বেগম রবিবার রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি। এই নিয়ে ছেলেকে মানা করলেও প্রেম চালিয়ে যেতে থাকে। তাই ক্ষিপ্ত হয়ে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।