পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো এনজিও কর্মীর

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জিন্নাত সুলতানা জিতু (২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বুধবার সকালে (১৭ মে) জেলার সোনাপুর-চৌরাস্তা সড়কের দত্তবাড়ি মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিতু চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলির লোকো কলোনির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় অটোরিকশা করে দত্তেরহাট এলাকা থেকে মাইজদীতে আসছিলেন জিতু। এ সময় পেছনের দিক থেকে আসা একটি ইটবাহী পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা খেয়ে জিতু পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।