পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজ

চট্টগ্রামের বাঁশখালীতে পিস্তল হাতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২২ মে) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রঘোষিত এ বিক্ষোভ মিছিল করে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। ওই মিছিলে পিস্তল হাতে মোস্তাফিজুর রহমানকে দেখা যায়। 

মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

পিস্তল হাতে মিছিল করার ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যেগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যাযে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। এরপর পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।

ওই মিছিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এমপি সাহেব পিস্তল হাতে মিছিলে ছিলেন কিনা আমি জানি না। তবে তার কাছে লাইসেন্স করা একটি অস্ত্র আছে। নিজের নিরাপত্তার জন্য হয়তো সেটি সঙ্গে রেখেছেন।’

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রের নির্দেশনা মেনে আমরা মিছিল-সমাবেশ করবো। এখানে পিস্তল নিয়ে মিছিল করতে হবে কেন? আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতি বিশ্বাস করে না। এই অস্ত্র দিয়ে ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুন করা হয়েছে। পিস্তল হাতে মিছিল এটি অত্যন্ত নিন্দনীয়। অতি উৎসাহী কিছু মানুষের কারণে দলের দুর্নাম হচ্ছে।’

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার আমি সারাদিন বাঁশখালীতে ছিলাম না। যে কারণে সেটি আমি দেখিনি। তবে এমপির কাছে একটি লাইসেন্স করা পিস্তল আছে। হয়তো তিনি নিজের নিরাপত্তার জন্য সেটি সঙ্গে রেখেছেন।’