চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর পিস্তল হাতে নিয়ে মিছিল করার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তার হাতের পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে ডিএসবিকে (জেলা পুলিশের বিশেষ শাখা) নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার।
মঙ্গলবার (২৩ মে) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ। পুলিশ সুপার বলেন, ‘সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর পিস্তল হাতে নিয়ে মিছিলের একটি ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমে দেখে অস্ত্রটি বৈধ নাকি অবৈধ, কেন প্রদর্শন করা হয়েছে, এসব কারণ জানতে ডিএসবিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ডিএসবি প্রতিবেদন দেবে। প্রতিবেদন হাতে পাওয়ার পদক্ষেপ নেওয়া হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) বিকালে বিক্ষোভ মিছিল বের করে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। মিছিলে পিস্তল হাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে দেখা যায়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এরই মধ্যে পিস্তল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমানের মিছিল করার ছবি-ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। একপর্যায়ে একটি হাতব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। এরপর পিস্তল নিয়ে মিছিলের সামনে সামনে হাঁটতে থাকেন। এ সময় মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।
এ বিষয়ে জানতে মঙ্গলবার বিকালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
এদিকে, বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দদের মাঝেও অস্ত্র হাতে মিছিলের নেতৃত্ব দেওয়া নিয়ে সমালোচনা চলছে। বিষয়টি ভালোভাবে নেননি দলীয় নেতারাও।
এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রের নির্দেশনা মেনে আমরা মিছিল-সমাবেশ করবো। এখানে পিস্তল নিয়ে মিছিল করতে হবে কেন? আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতি বিশ্বাস করে না। এই অস্ত্র দিয়ে ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। পিস্তল হাতে মিছিল করা অত্যন্ত নিন্দনীয়। অতিউৎসাহী কিছু মানুষের কারণে দলের দুর্নাম হচ্ছে।’