নোয়াখালী জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। একই সঙ্গে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় শহর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে এসে জড়ো হন নেতাকর্মীরা। তারপর সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান নেন তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহান, জেলা সভাপতি গোলাম হায়দার, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু প্রমুখ। এ সময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আমীনের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
এদিকে, বিএনপির এ কর্মসূচি থেকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত ছিলেন।