চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পুলিশ বক্স থেকে গ্যাস লাইটার চুরির অভিযোগে এক শিশুকে পুলিশের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ জুন) বেলা ১১টায় টাইগারপাস সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মারধরের শিকার শিশুটির নাম বাবু। শিশুটি ওই এলাকার একটি দোকানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতো। অভিযুক্ত পুলিশ কনস্টেবল শওকত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মোটরযান শাখায় র্যাকারচালক হিসেবে কর্মরত।
দুপুরের পর থেকে মারধরের ৩০ সেকেন্ডর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কনস্টেবল শওকত মুখে সিগারেট নিয়ে একের পর এক থাপ্পড় দিতে থাকেন। আবার কখনও শিশুটির কালার চেপে ধরে মারধর করছেন। এ সময় শিশুটি বার বার লাইটার চুরি করেনি বলে পুলিশ সদস্যকে বলার চেষ্টা করছে।
তবে কনস্টেবল শওকত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘শিশুটি আগেও একাধিকবার পুলিশ বক্স থেকে মোবাইল, চার্জারসহ নানা কিছু চুরি করেছে। এবার গ্যাস লাইটার চুরি করেছে। তবে আমি মারিনি। শিশুটি নিয়েছে কিনা জানতে চেয়েছি।’
সাংবাদিক আবু সায়ীদ মোহাম্মদ তামান্না বলেন, ‘সকাল ১১টার দিকে বৃষ্টির কারণে চট্টগ্রামের টাইগারপাসের একটি দোকানে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম এক কিশোরকে গ্যাস লাইটার চুরির অপরাধে মারধর করছেন এক পুলিশ সদস্য। শিশুটি বার বার বলছে আমি চুরি করিনি। শিশুটির কোনও কথায় শুনছিলেন না ওই পুলিশ কর্মকর্তা।’
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘শিশুটিকে মারধরের বিষয়টি আমাদের নজরে এসেছে। ওই পুলিশ সদস্য সিএমপির যানবাহন শাখায় কর্মরত। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য যানবাহন শাখার সহকারী পুলিশ কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’