রাজশাহীর পবা উপজেলার বড়গাছীর রাজ আলু কোল্ড স্টোরেজে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুন) দিবাগত রাতে কোল্ড স্টোরেজের গেট ভেঙে তিন ব্যক্তি ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা নিয়ে যায়। যা কোল্ড স্টোরেজের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। রবিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ক্যামেরায় ওই ফুটেজ ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
রাজ আলু কোল্ড স্টোরেজের ম্যানেজার লিয়াকত আলী সরকার বলেন, ‘রাতে আমরা সব টাকা হিসাব করে রেখে গেছি। গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিনে ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা ভল্টে জমা পড়েছিল। শনিবার রাতের কোনও একসময় ভল্ট ভেঙে টাকাগুলো নিয়ে গেছে চোরেরা।’
তিনি আরও বলেন, ‘সকালে পরিচ্ছন্নতাকর্মী এসে দেখেন অফিসের তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তখন পরিচ্ছন্নতাকর্মী আমাকে ফোন দিয়ে বিষয়টি জানান। আমি গিয়ে দেখি ভল্টের তালা ভাঙা। ভেতরে কোনও টাকা নেই। পরে কোল্ড স্টোরেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিন ব্যক্তি ভেতরে প্রবেশ করে ভল্টের তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। এর মধ্যে দুই জনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, একজনের মুখ খোলা ছিল।’
লিয়াকত আলী আরও বলেন, ‘কোল্ড স্টোরেজের পাহারায় রাতে এআইডি কোম্পানির তিন জন গার্ড ছিল। ধারণা করছি, চোরদের সঙ্গে তাদের যোগসাজশ থাকতে পারে। কারণ ভল্টের তালা ভাঙার শব্দ শোনেননি বলে তারা আমাদের জানিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে।’
কোল্ড স্টোরেজের মালিক মোহাম্মদ আলী সরকার বলেন, ‘আমার চোখের অপারেশনের করেণে শনিবার অফিসে যেতে পারিনি। তিন দিনের টাকা একসঙ্গে রবিবার ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। কোল্ড স্টোরেজে চুরির কথা কোনোদিন শুনিনি। এই প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে পবা থানার ওসি মোবারক পারভেজ বলেন, ‘কোল্ড স্টোরেজের সব ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও টাকা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।’