মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে (৭৭) গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (৩ জুলাই) কক্সবাজার জেলার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুস শুক্কুর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গুলগুলিয়াপাড়া এলাকার মৃত আলী রেজার ছেলে। দীর্ঘ আট বছর ধরে তিনি পলাতক ছিলেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (৫ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো র্যাব-৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস শুক্কুরের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারী সংস্থা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ২০১৫ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুস শুক্কুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আব্দুস শুক্কুর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এলাকায় মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ করেন। গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ আট বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সবশেষ কক্সবাজার জেলার সদর থানা এলাকায় বসবাস শুরু করেন।