বিয়ের দাওয়াতে যাওয়ার সময় দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত মাওলানা কাজী নাদের হোসেনের ছেলে মাওলানা কাজী মমতাজ (৬৫) ও কাজী আক্কাস (৬০)। এ ঘটনায় অটোরিকশার যাত্রী জয়নাল আবেদীন (৫০) আহত হন। 

নিহতদের প্রতিবেশী মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই ভাই চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন। কমিউনিটি সেন্টারের অদূরে তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে কাজী আক্কাস ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত কাজী মমতাজকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলামুখী অটোরিকশার সঙ্গে চট্টগ্রাম শহরমুখী দ্রুতগামী একটি পিকআপের সংঘর্ষে তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াপাড়ার একটি ক্লিনিকে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাজী আক্কাসকে মৃত ঘোষণা করেন। বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্কাসের ভাই মমতাজের মৃত্যু হয়।’