মীরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত

চট্টগ্রামের মীরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মীরসরাই ও ওয়াহেদপুর ইউনিয়নে কয়েকটি পাগলা কুকুর শিশু, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষকে কামড় দিয়ে আহত করে।

আহতরা হলেন- জোবায়দুল ইসলাম (৮), তাবাসসুম (১০), জিহান (২), নুর নবী (৬৩), সালেহা বেগম (৩৫), রুনা (২২), লামিয়া (৬), আছিয়া (৫), আলেয়া বেগম (৪৩), ওমর ফারুক (২৯), নিলয় (১৮), শাকিলা (৪৮), ফাতেমা (২) ও মমতাজ (৪৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিক্যাল সহকারী লুৎফর রহমান বলেন, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত প্রায় ১৪ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের অধিকাংশের মুখে গুরুতর জখম রয়েছে। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মীরসরাই ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম দিদার বলেন, কয়েকটি পাগলা কুকুরের কামড়ে শ্রীপুর, গড়িয়াইশ এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। পাগলা কুকুরগুলো মেরে ফেলার জন্য গ্রামবাসীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে।