ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ঘটনাস্থলে গেলেন পুলিশ সুপার

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময়ে তিনি প্রতিষ্ঠানটির ছাত্রাবাসের দোতলায় উঠে ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

তার সঙ্গে ছিলেন বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি জসীম উদ্দীন, পরিদর্শক নূরে আলম ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান।

নিহত শিক্ষার্থীর নাম শেখ সাদিকুর রহমান (২৪)। তিনি বিএসপিআই’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের পঞ্চম পর্বের ছাত্র ও ময়মনসিংহের পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।

সাদিকুর রহমানের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, ‘ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়, এটি হত্যাকাণ্ড। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। প্রতিষ্ঠানের সিনিয়রদের শিক্ষার্থীদের মাধ্যমে জুনিয়ররা র‍্যাগিংয়ের শিকার হয়। হয়তো আমার ভাই র‍্যাগিংয়ের শিকার হয়ে মারা গেছে।’

নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান

বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, ‘এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থানায় মামলা করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। আজ পুলিশ সুপার এসেছেন। ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কথা আমার জানা নেই। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।’

পুলিশ সুপার বলেন, ‘শিক্ষার্থী সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় মামলা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে, কীভাবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।’

ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘এ ব্যাপারে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তারা অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। তবে এসব বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হন সাদিকুর রহমান। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় র‍্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

আরও পড়ুন: ছাত্রাবাস থেকে পড়ে আহত বিএসপিআই শিক্ষার্থীর মৃত্যু