মার্কেট থেকে দুই শতাধিক দামি মোবাইল চুরি

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মার্কেটের দুই দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের দুই শতাধিক দামি মোবাইল চুরি হয়েছে। এসব মোবাইলের দাম দেড় কোটি টাকার বেশি বলে দাবি করেছেন দোকান মালিকরা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে শহরের কালীবাড়ি মোড়ের এলআর প্লাজার মোবাইল মেলা নামের দুই  দোকান থেকে এসব মোবাইল চুরি হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এক মোবাইল দোকানের মালিক মোবারক হোসেন জিসান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন।

মোবারক হোসেন জিসান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটে আসি। এসে দেখি দোকানের শাটার লাগানো, তবে তালাগুলো খোলা। পরে দুই দোকানের ভেতরে ঢুকে দেখি দুই শতাধিক দামি মোবাইল চুরি হয়েছে। এর মধ্যে আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল-৭ প্রো, অপো, ভিভো, শাওমি, ওয়ান প্লাস, স্যামসাং ফোল্ড-৩, ফোল্ড-৪, ফ্লিপ-৩ ও ফ্লিপ-৪-সহ বিভিন্ন মডেলের দুই শতাধিক মোবাইল চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে কম দামি মোবাইলগুলো রেখে গেছে।’

সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন বলেন, ‘এ ঘটনায় মামলা করেছেন এক দোকান মালিক। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। চোরদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’