আড়াই কোটি টাকা ব্যয় দেখালেও খাতের অস্তিত্ব দেখাতে না পারায় মামলা

দুই কোটি ৪০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক রাফি মো. নাজমুস সাদাত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় তিনি জানান, বৃহস্পতিবার তিনি মামলাটি রুজু করেন। মামলার আসামিরা হলেন- সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা, সাবেক হিসাব রক্ষক মোহাম্মদ আবদুল হান্নান ও অফিস সহকারী কাজী জাহাঙ্গীর আলম। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দেখিয়েছেন  তারা ২২টি ভিন্ন খাতে দুই কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা ব্যয় করেছেন। কিন্তু তদন্তে কর্মকর্তারা এসব খাতের কোনও অস্তিত্ব খুঁজে পাননি।

এদিকে সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহার বক্তব্য জানার জন্য একাধিকবার তার নম্বরে কল করলেও বন্ধ পাওয়া যায়।