কক্সবাজারের টেকনাফে অপহরণের ২২ ঘণ্টা পর মাদ্রাসার ড্রেন থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিহা আক্তারের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক এক কিশোরকে আটক করা হয়েছে।
গ্রেফতার কিশোরের নাম এরফান (১৭)। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া মুফতি আলী আহমদের ছেলে। ফারিহা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজারের সানা উল্লাহর মেয়ে।
শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে টেকনাফের হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার ভেতরের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অপহরণের শিকার ফারিহার লাশ হ্নীলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার একটি ড্রেন থেকে তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৭টার দিকে টেকনাফের হ্নীলা বাজার থেকে অপহরণের শিকার হয় শিশুটি। এরপর মুক্তিপণ চেয়ে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছিল অপহরণকারীরা।
এর আগে তার মা জেসমিন আক্তার বলেছিলেন, বৃহস্পতিবার আমার মেয়ে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমার মোবাইলে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে।