সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ‘বন্যার পানিতে’ ব্যবহার অনুপযোগী হয়ে পড়া সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাত ১১টায় উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হল- চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) ও তার ভাই শহীদুল ইসলাম (২২)। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের বাবা আনোয়ার হোসেন (৭৮)।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসতভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ির সেপটিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

তিনি বলেন, বুধবার রাতে বসতভিটা থেকে পানি নেমে যাওয়ায় আনোয়ার হোসেনের দুই ছেলে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে নামেন। এতে গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভেতরে তারা অবচেতন হয়ে পড়ে। এ সময় উদ্ধার করতে নেমে তাদের বাবাও অসুস্থ হয়ে পড়েন।

ওসি আরও বলেন, পরে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।