জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ৩২ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করেছেন এক আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লার বরুড়া উপজেলাজুড়ে এই আয়োজন করেছেন তিনি।
বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করেছেন বলে জানা গেছে। বরুড়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর সদরসহ মোট ১৬টি স্থানে এই কাঙালিভোজের আয়োজন করেছেন কুমিল্লা জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন (শামীম)।
এ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৫ আগস্ট সকাল ৯টা থেকে উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদ ও কলেজ, খোশবাস উত্তর ইউনিয়নের মধ্য বাজার, খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর পুরাতন বাজার, ভবানীপুর ইউনিয়নের পোমতলা ভূঁইয়ার বাজার, চিতড্ডা ইউনিয়নের ওড্ডা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝলম ইউনিয়ন পরিষদ, আড্ডা ইউনিয়নের আড্ডা বাজার (জৈনপুরী খানকা), আদ্রা ইউনিয়নের পেরপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাউকসার ইউনিয়নের ভাউকসার শেখ চাঁন মাজার মাঠ, লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের শিলমুড়ী ঈদগাহ মাঠ, শিলমুড়ী উত্তর ইউনিয়নের দিলগাঁও (লাইজলা), গালিমপুর ইউনিয়নের ঘোষপা মধ্যপাড়া, শাকপুর ইউনিয়নের বজলু মার্কেট ও বরুড়া পৌরসভার চান্দিনা রোডের আল ফারাবী কিন্ডারগার্টেনে ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বসাধারণের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কাঙালিভোজ হয়।
সকালে লক্ষ্মীপুর ইউনিয়নে দোয়া মাহফিলে অংশগ্রহণ করে শফিউদ্দিন শামীম বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাংলায় কেন এই গোটা পৃথিবীতে খুব বেশি নেই। যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি। দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন। জেল খেটেছেন। শেষ পর্যন্ত পরিবারসহ প্রাণ দিতে হয়েছে। আজও ৭৫-এর ঘাতকরা মাথা তোলার চেষ্টা করছে। ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা দেশ বিরোধী চক্রকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, এই শোকের দিনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। একইসঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমার উপজেলায় ক্ষুদ্র সামর্থ্য থেকে ৩২ হাজার মানুষের কাঙালিভোজের আয়োজন করেছি।