চট্টগ্রাম নগরীর নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশু ইয়াছিন আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মচারীরা রঙ্গীপাড়া এলাকার নালা থেকে লাশ উদ্ধার করে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২৭ আগস্ট) বিকালে ওই শিশু বাসার কাছে কেএম হাশিম টাওয়ার এলাকায় নালায় পড়ে তলিয়ে যায়। সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

স্থানীয়রা জানান, শনিবার রাতভর বৃষ্টিতে সড়ক-নালা পানিতে একাকার হয়ে যায়। উন্মুক্ত এ নালায় শিশুটি পড়ে গেলে স্রোতে তলিয়ে যায়।