মীরসরাইয়ে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মোহাম্মদ আরিফ হোসেন (২৩) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে ‘ক্ষমাপ্রার্থী’ লিখে পোস্ট দেন। সন্ধ্যায় উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আরিফ হোসেন ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকায় ফলের ব্যবসা করতেন তিনি।
ভোরের বাজারের ব্যবসায়ী কাজী সেলিম উদ্দিন জানান, আরিফ দীর্ঘদিন ভোরের বাজারে ফলের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক লেনদেনসহ বিভিন্ন খাতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছেন বলে শুনেছি। হয়তো ঋণের বোঝার কারণে আত্মহত্যা করেছেন।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ভোরের বাজার সংলগ্ন এলাকায় আরিফের বাড়ি। দীর্ঘদিন ধরে ফল ব্যবসা করতেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা সঠিক জানি না।
মীরসরাই থানার এসআই আনিসুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, ঋণগ্রস্ত হয়ে পড়ায় আত্মহত্যা করেছেন।