জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত মীর ফাহাদ (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত দুই সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি মারা যান।
ফাহাদ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার মীর মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত ২ সেপ্টেম্বর সকালে মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে জালালের লোকজন লাঠিসোঁটা নিয়ে মোশারফ ও তার বড় ছেলে ফাহাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজন মাথায় টেঁটা দিয়ে আঘাত করলে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশঙ্কাজনক অবস্থায় আহত ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯ টার দিকে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, তার লাশ এখনও বাড়িতে আসেনি। প্রতিপক্ষের বাড়িতে হামলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রাথমিকভাবে এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।