ফেনীতে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন ফেনীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে অবরোধ চলাকালে ফেনী শহরের ইসলামপুর রোড এলাকায় বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মিছিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এই ব্যাপারে ফেনী থানা পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি চলবে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করে বিএনপি।