বিএনপি-জামায়াতের অবরোধ ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি-জামায়াতের অবরোধ-ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনব্যাপী দেবিদ্বার সদর এলাকায় অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে নিউমার্কেটের স্বাধীনতা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘এক পুলিশ সদস্যের মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা, কাকরাইলে পুলিশ বক্সে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলার কারণে বিএনপি-জামায়াতকে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা মাঠে থাকবো।’

সমাবেশে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হাজী আবুল কালাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আলিমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।