চট্টগ্রাম অঞ্চলের ২৩ আসনে বাদ পড়েছেন ৪৪ প্রার্থী

চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৯৮ জন প্রার্থী। এর মধ্যে বাছাই শেষে মোট ৪৪ জন বাদ পড়েছেন। রবিবার ও সোমবার মনোনয়নপত্র বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের মধ্যে চট্টগ্রামে ১৬টি আসনে বাদ পড়েছে ৩২ জন, কক্সবাজারে চারটি আসনে বাদ পড়েছে ১০ জন, খাগড়াছড়ি একটি আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া রাঙ্গামাটি এবং বান্দরবানে সংসদীয় আসনে কোনও প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

এ ২৩টি আসন থেকে এবার ১৯৮ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সর্বশেষ ২৩টি আসনে বৈধ প্রার্থী আছেন ১৫৪ জন।

চট্টগ্রাম জেলা

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪৮ প্রার্থী মোট ১৫১টি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ২১ জন স্বতন্ত্র প্রার্থী এবং ১১ জন দলীয় প্রার্থী রয়েছেন।   

বাদ পড়াদের মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৮ প্রার্থীর মধ্যে বাদ পড়েছে ১ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১২ প্রার্থীর মধ্যে তিনটি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ প্রার্থীর মধ্যে দুই জনের, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৯ প্রার্থীর মধ্যে চার জনের, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১০ জনের দুই জনের, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ আসনে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে ১৩ জনের পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল হয়। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ৭ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কোনও প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে ১২ জনের মধ্যে ৪ প্রার্থীর, চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনে ৯ জনের মধ্যে একজনের, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১০ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে জমা দেওয়া ৭ প্রার্থীর, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জমা দেওয়া ৮ প্রার্থীর মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া, লোহাগাড়া) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৩ জনের ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কক্সবাজার

কক্সবাজারে ৪টি আসন রয়েছে। এসব আসনে ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ চার আসনে এখন বৈধ প্রার্থী ২৫ জন।

এর মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৫ জন বাদ পড়েন। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। কক্সবাজার-৩ (সদর, ঈদগাও, রামু) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে দুই জনের ও কক্সবাজার-৪ (উখিয়া, টেকনাফ) আসনে ৯ জনের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রাঙামাটিতে ৫ এবং বান্দরবানে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।