মীরসরাইয়ে ঝরনায় হারিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার

মীরসরাইয়ের বাওয়াছড়া পাহাড়ি ঝরনায় ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী।

শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া পাহাড়ের ভেতর থেকে তাকে খুঁজে বের করে পুলিশ।

সাইফুল বগুড়া জেলার শাহাজাহানপুর থানার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলান জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে মীরসরাইয়ের ডাকঘর এলাকায় রংধনু ফিলিং স্টেশনে ট্রাক রেখে কয়েকজন চালক ও চালকের সহকারী ওয়াহেদপুর বাওয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। এ সময় অন্যরা পাহাড় থেকে বেরিয়ে এলেও সাইফুল হারিয়ে যায়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের অবহিত করা হলে শুক্রবার রাত থেকে অভিযান চালিয়ে শনিবার (৯ ডিসেম্বর) তাকে খুঁজে পেয়ে ফাঁড়িতে নিয়ে আসি। পরে তার ট্রাকচালক রফিকুল ইসলামের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।’