ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপসহ এক যুবক আটক

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার পৈরতলা রেল গেট ব্রিজের কাছ থেকে রেল লাইনের ক্লিপসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আরিফ (২২) নামের ওই যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

এ বিষয়ে আটক আরিফ জানান, তিনি রেলরাইন ধরে ৪/৫ জন বন্ধু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সময় রেললাইনের ক্লিপগুলো পড়ে থাকতে দেখে কুড়িয়ে ব্যাগের ভেতরে রাখেন। পরে পৈরতলা রেল গেট ব্রিজের কাছে এলে রেললাইনে দায়িত্বরত আনসার সদস্যরা তার ব্যাগটি তল্লাশি করে আটক করে।

জেলা আনসার বাহিনীর কমান্ড্যান্ট ইসমাইল হোসেন জানান, ওই যুবক পৈরতল রেল ব্রিজ এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি প্যাঁচানো রেললাইনের ক্লিপসহ তাকে আটক করেন। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার কোনও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম জানান, এ বিষয়ে আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানায় মামলার প্রস্তুতি চলছে।