কুমিল্লা সিটি করেপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, আমি সরকারি কর্মকর্তা। আমি কেন নৌকা প্রতীকের ভোট চাইতে যাবো? এগুলো বালখিল্য অভিযোগ। এখনও শোকজের কপি হাতে পাইনি। কপি হাতে পেয়ে বিস্তারিত বলতে পারবো।
১ জানুয়ারির ওই চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবরে দেওয়া একটি অভিযোগের অনুলিপি কমিটির কাছে এসেছে। অভিযোগ অনুযায়ী আপনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া সত্ত্বেও ২৭ ডিসেম্বর কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এ ছাড়া আপনি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেছেন ও যাচ্ছেন।
আরও বলা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষকদের ডেকে এনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। আপনার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া গেলো। ওই দিন সশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।