ফেনী-৩ (সোনাগাজী- দাগনভূঁইয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনি জনসভা মঞ্চে ঢাকা এলজিইডির প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদকে দেখা গেছ
এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ ক্ষোভ প্রকাশ করে জানান, প্রকৌশলী মাসুদ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি ছুটি নিয়ে এসে রাজনৈতিক জনসভার মঞ্চে উঠে আচরণবিধি লঙ্ঘন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এর বিচার দাবি করেছেন এই স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সোনাগাজীর জিরো পয়েন্টে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ আসনে লাঙ্গল প্রতীকের শেষ জনসভা অনুষ্ঠিত হয়। আসনটি জাপাকে ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দল। ওই জনসভায় মাসুদকে অংশ নিতে দেখা যায়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাপার প্রার্থী লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এতে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
অভিযুক্ত প্রকৌশলীর কাছে রাজনৈতিক মঞ্চে ওঠার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি এ আসনের ভোটার। সে হিসেবে তিনি সব স্থানে যাওয়ার অধিকার রাখেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।