বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তার কাছে মিললো ৪টি সোনার বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এম জেড এ শরীফ নামে এক চিকিৎসককে চারটি সোনার বারসহ আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এয়ার আরাবিয়ার ফ্লাইটে সারজাহ থেকে আসা মো. আলাউদ্দিন নামে এক যাত্রীকেও আটক করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযানে তাদের আটক করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসক এম জেড এ শরীফ স্বাস্থ্য অধিদফতরের অধীনে বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি সকালে বিমানবন্দরে ডিউটিতে ছিলেন। তাকে সন্দেহ হলে বিমানবন্দরে কর্মরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার চ্যালেঞ্জ করেন। তল্লাশি করে পরনে থাকা জ্যাকেটের পকেট থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমসের এই কর্মকর্তা বলেন, তিনি (চিকিৎসক) দাবি করেন, শারজাহ থেকে আসা যাত্রী তাকে এগুলো রাখতে দিয়েছেন। পরে তার দেওয়া তথ্যে আলাউদ্দিন নামে ওই যাত্রীকেও আমরা আটক করি। দুই জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। উদ্ধার হওয়া চারটি সোনার ওজন ৪৬৪ গ্রাম। বিষয়টি আমরা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।