একসঙ্গে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে হাত-মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বিবি ফাতেমা (৭) ও আবিদ হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাইবোন।

বুধবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝি বাড়ির পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  তারা ওই বাড়ির আবদুল হাইয়ের সন্তান। তিন ভাইবোনের মারা যাওয়া দুজন মেজো ও ছোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজনের অজান্তে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে ঘর থেকে বের হয় তারা। ব্রাশের পর হাতমুখ ধুতে বাড়ির পুকুর ঘাটে গেলে পুকুরে পড়ে ডুবে যায়। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।

কবিরহাট থানার ওসি  হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।