মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে বাসের চালকসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। তাদের মধ্যে পাঁচ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান চালক। এ সময় আরেক যাত্রী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

নিহতরা হলেন—গ্রামবাংলা পরিবহনের চালক মো. নুরুন নবী শিমুল (২৪)। তিনি ফেনীর সোনাগাজী থানার  ছড়াইতকান্দি গ্রামের নুরুল হকের ছেলে। অপরজন বাসযাত্রী। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চৌধুরীঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা গ্রামবাংলা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক বাস থেকে লাফ দেন। এতে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান। ট্রাককে ধাক্কা দেওয়ার পর বাসের এক যাত্রীর মৃত্যু হয়। বাসটিতে ৩০ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জন আহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালকসহ দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’