চিকিৎসককে পিটিয়ে আহতের ঘটনায় ‘কিশোর গ্যাংয়ের’ ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচানোর সময় বাবার ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর আকবরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাগর, মো. সংগ্রাম ও পাভেল। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘দন্ত চিকিৎসক কোরবান আলীর ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের অবেদন করা হয়। আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে গত শুক্রবার আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন আলী রেজা নামের এক যুবক। পরে তাকে মারধর করতে আসেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ছেলে আলী রেজাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তার বাবা দন্ত চিকিৎসক কোরবান আলী (৬০)। তিনি নগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

এ ঘটনায় গত শনিবার ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করেন আলী রেজা। মামলার আসামিরা হলেন মো. সামির, মো. রিয়াদ, সোহেল ওরফে বগা সোহেল, মো. আকিব, মো. অপূর্ব, মো. নিশান, মো. রাজু, মো. সাগর, মো. বাবু, মো. রাজু, মো. সংগ্রাম ও মো. সাফায়েত। তাদের মধ্যে সাগর, সংগ্রাম ও পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।

আলী রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শুক্রবার বিকালে ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলাম। তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই স্কুলছাত্রকে মারধর করছিল। তারা নিরুপায় হয়ে আমার সাহায্য চেয়েছিল। আমি সঙ্গে সঙ্গে ৯৯৯–এ কল দিয়েছি। পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় ইফতার কিনতে বাসা থেকে বের হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ওপর হামলা চালায়। এ সময় আমার বাবা বাঁচাতে এলে তার ওপরও হামলা চালানো হয়। হামলায় বাবা গুরুতর আহত হন। প্রথমে বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেডিক্যাল সেন্টার নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্ট আছেন তিনি। বাবার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী।’

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে মৃত্যুশয্যায় চিকিৎসক বাবা