হাঁটাচলাই যার কষ্ট, ১০৪ বছর বয়সে তিনি এলেন ভোট দিতে

ভাঙা চেহারার গড়ন। সাদা চুল-দাড়ি। হাতে ভর দেওয়ার লাঠি। যেন ভেঙেচুরে পড়ে যাচ্ছেন। তবুও নিজের ভোট দিতে কেন্দ্রে এসেছেন এক বৃদ্ধ। বয়স ১০৪ বছর। এই বৃদ্ধকে দেখা গেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বারে ভোটগ্রহণ চলছে। উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ১০৪ বছর বয়সী জুনাব আলী ভুঁইয়া। সকাল সাড়ে ৯টায় তিনি মেয়েকে সঙ্গে নিয়ে এসে ভোট দিয়েছেন।

ওই বৃদ্ধের মেয়ে বলেন, ‘আমার আব্বার ভোট দেওয়ার অনেক ইচ্ছে। ওনার বয়স ১০৪ বছর। এই বয়সেও উনি গত দুদিন ধরে ভোট দেওয়ার কথা বলছেন। তাই আজ সকাল সকাল কেন্দ্রে নিয়ে এসেছি। ভালো করে হাঁটাচলাও করতে পারেন না। তাই আমি আব্বাকে ভোট দিতে সহযোগিতা করেছি।’

ভোট দেওয়ার পর জুনাব আলী বলেন, ‘ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। আমার মেয়ে আমাকে কেন্দ্রে নিয়ে এসেছে।’

ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান জানান, এই কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৪১। এর মধ্যে পুরুষ ভোটার দুই হাজার ১৩০ এবং নারী ভোটার এক হাজার ৯১১ জন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, এখন পর্যন্ত কোনও ঝামেলা হয়নি।