মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে দুই পক্ষের মারামারিতে যুবক নিহত

চট্টগ্রামে মোটরসাইকেল চালানোর সময় বিকট আওয়াজ হওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ধরে মনিরুজ্জামান রাফি (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (৯ জুন) ভোর ৫টার দিকে নগরীর পতেঙ্গা সি-বিচ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলা এলাকার বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলের বিকট আওয়াজকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যস্থতায় সমাধান হয়। এর ঘণ্টাখানেক পর একপক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে পতেঙ্গার বঙ্গবন্ধু টানেলের মুখে ওত পেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়। এতে ছুরিকাঘাতে মনিরুজ্জামান রাফি নামে এক যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মোটরসাইকেল চালানোর সময় বিকট আওয়াজ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। এতে রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।